বহিরাগত অপশক্তির হাতে জিম্মি- বিএনপিকে রক্ষায় তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই-- সাবেক এমপি,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

   


এডভোকেট আব্দুল্লাহ্ আল শোভন ।। পাবনা জেলা বিএনপি বর্তমানে বহিরাগত ও হাইব্রিড অপশক্তির হাতে জিম্মি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। বিএনপির বর্তমান ভয়ানক পরিস্থিতির আলোকে  গত মঙ্গলবার রাতে পাকশী গোল ঘরে স্থানীয় বিএনপি আয়োজিত পাকশী ইউনিয়ন বিএনপির বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। ​আদর্শের বিচ্যুতি ও দখলবাজির অভিযোগ তুলে ​সিরাজুল ইসলাম সরদার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে ধারণ করে বর্তমানে পাবনায় বিএনপির কোনো দৃশ্যমান ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড চোখে পড়ছে না। উল্টো ৫ আগস্টের পর থেকে অন্য দল থেকে আসা অনুপ্রবেশকারী বা 'হাইব্রিড' চক্রের লুটপাট, দখলবাজি খুনজখম এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে দল চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, "এই অপশক্তির কারণে দলের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ করা কঠিন।" পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুস সোবান ​স্থানীয় নেতাদের  ক্ষোভের বিষয়িউল্লেখ করে ​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকিউল ইসলাম তপন সরদার। ​বক্তারা প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলেন: ​এলাকায় বর্তমানে লুটপাট, গরু চুরি, ভাঙচুর ও মাদকসহ নানা অসামাজিক কার্যক্রম চলছে। ​দলের আদর্শিক কোনো নেতাকর্মী এসব কাজে জড়িত হতে পারে না। ​একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে দলে অনুপ্রবেশকারীদের দিয়ে বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঈশ্বরদী উপজেলাসহ সমগ্র পাবনা জেলা বিএনপিকে রক্ষা করতে দলের চেয়ারপারসন ও হাই কমান্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা অবিলম্বে হাইব্রিড ও অপশক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। ​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: বিএনপি নেতা আমিনুল ইসলাম, কবীর আহমেদ, মনির আহমেদ হিরোক সরদার, সুলতানুল হক শাহিন, ভিপি সাইদুল ইসলাম লিপন, শ্রমিক দল সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক খন্দকার সোহেল রানা, মোহাম্মদ আলী কাজল, রফিকুল ইসলাম কলম, আশিকুর রহমান, সিপলু, আব্দুস সালাম রঞ্জু ও মাহমুদুর রহমান মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

No comments

Powered by Blogger.